বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

July 20, 2026 12:49 am
July 20, 2026 12:49 am

বিশ্বকাপের আগে পানামাকে ৬ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছন্দে দেখা গেল ব্রাজিলকে। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ৩ টায় রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। খেলা শুরুর এক মিনিটের মধ্যেই অধিনায়ক ক্যাসেমিরোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র।

তবে ১৩ মিনিটে সমতায় ফেরে পানামা। মাইকেল মুরিলোর নেওয়া ফ্রি-কিক ব্রাজিলের ম্যাথিউস কুনিয়ার গায়ে লেগে জালে জড়ালে সেটি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়।

সমতায় ফেরার পরও চাপ ধরে রাখে ব্রাজিল। ৩৮ মিনিটে ভিনিসিউসের বাড়ানো বল থেকে হেডে গোল করে আবারও দলকে এগিয়ে দেন ক্যাসেমিরো। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে আরও আধিপত্য বিস্তার করে ব্রাজিল। বিরতির সময় গোলরক্ষক পরিবর্তন করে অ্যালিসনের জায়গায় এডারসনকে নামান আনচেলত্তি। এরপর একের পর এক আক্রমণে পানামার রক্ষণভাগ ভেঙে আরও চারবার গোলের দেখা পায় স্বাগতিকরা।

ম্যাচের ৮৩ মিনিটে কার্লোস হার্ভে পানামার হয়ে একটি গোল শোধ দিলেও ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ের পর আগামী ৭ জুন আরেকটি প্রস্তুতি ম্যাচে মিসরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। গ্রুপ পর্বে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *