বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

April 22, 2026 4:07 pm
April 22, 2026 4:07 pm

নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হারলো বাংলাদেশ। বোলিংয়ে ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় এই ম্যাচ হেরেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ।

টসে হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। বোলিংয়ের শুরুটা ভালোই হয় বাংলাদেশের। দুই প্রান্ত থেকে তাসকিন-শরীফুলের প্রথম পাঁচ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিলো মাত্র ১৬। সপ্তম ওভারে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট শিকার করেন শরীফুল।

ড্রিংস ব্রেকের আগ পর্যন্ত চেপে রেখেই বোলিং করে বাংলাদেশ। ১৪ ওভারে ১ উইকেটে ৫৫ রান সংগ্রহ করে কিউইরা। এর মাঝে উইল ইয়ংয়ের একটি সহজ ক্যাচ ছাড়েন সাইফ। শেষ পর্যন্ত ৪২ বলে ৩০ রান করে রিশাদের শিকার হন ইয়ং।

এরপর কিউই অধিনায়ক ল্যাথামের উইকেট নেন মিরাজ। ল্যাথাম ফেরেন ১৪ রানে। ৬৮ রান করে দুর্গ হয়ে ওঠা নিকোলসকে ফেরান রিশাদ। ৫৯ রান করা আরেক ব্যাটসম্যান ফক্সক্রফটকে দুর্দান্ত এক ইয়র্কারে শিকার করেন নাহিদ রানা। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড থামে ৮ উইকেটে ২৪৭ রানে।

বাংলাদেশের হয়ে শরীফুল, তাসকিন ও রিশাদ নেন ২টি করে উইকেট। আর ১টি করে উইকেট শিকার করেন মিরাজ ও নাহিদ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে, বাংলাদেশের শুরুটা খুব একটা সুবিধার হয়নি। আবারও সেই ওপেনিং ব্যর্থতা। চতুর্থ ওভারের প্রথম বলেই আউট ওপেনার তানজিদ তামিম। পরের বলেই গোল্ডেন ডাক নাজমুল হাসান শান্ত। তারপর লিটন-সাইফ কিছুটা সতর্ক হয়েই ব্যাট করেন।

লিটনের সাথে সাইফের ৯৩ রানের জুটি বাংলাদেশকে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ দেয়। তবে সাইফ ব্যক্তিগত ৫৭ রানে এবং দলীয় ১৩২ রানে ৪৬ রান লিটন আউট হওয়ার পর ছয়ে নেমে পাওয়ার হিটিং এর বদলে মন্থর ব্যাটিং করেন আফিফ হোসেন। ৪৯ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। একই পথে হেঁটেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজও। আউট হয়েছেন ১৪ বলে ৬ রান করে।

৪৬তম ওভারে পরপর দুই বলে আউট হন রিশাদ ও শরীফুল। তখন হার অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের সামনে। তবে, এক প্রান্ত আগলে একাই চেষ্টা চালিয়ে যান তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত স্মিথের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৬০ বলে ৫০ রান করে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ব্লেয়ার টিকনার। ৩ উইকেট শিকার করেন নাথান স্মিথ। এছড়া ১টি করে উইকেট পান উইল ও’রুর্ক, লেনক্স এবং ফক্সক্রফট।

ম্যাচ সেরার পুরস্কার ওঠে ৫৯ রান ও এক উইকেট শিকার করা ডিন ফক্সক্রফটের হাতে।

আগামী ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে একই ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *