বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

August 20, 2026 5:21 pm
August 20, 2026 5:21 pm

প্রবল বৃষ্টি উপেক্ষা করেই চলছে আমিরের বিয়ের প্রস্তুতি

মুম্বাইজুড়ে টানা বৃষ্টির মধ্যেও থেমে নেই প্রস্তুতি। সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে আগামীকাল রবিবার (৫ জুলাই) দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান।

বিশেষ এই আয়োজনকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছে তার পালি হিলের বাসভবন।শনিবার সকাল থেকেই আমিরের বাড়িতে ব্যস্ত সময় পার করছেন সাজসজ্জার কর্মীরা। প্রবল বর্ষণের মধ্যেও আলোকসজ্জা, আসবাবপত্র আনা এবং অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রাখতে দেখা গেছে তাদের। অনেকেই রেইনকোট পরে কাজ করেছেন, যাতে আবহাওয়ার কারণে আয়োজনের কোনো ব্যাঘাত না ঘটে।

বিয়ের আগে একে একে আমিরের পরিবারের সদস্যদেরও বাসভবনে পৌঁছাতে দেখা গেছে। অনুষ্ঠানের প্রস্তুতিতে অংশ নিতে অভিনেতার বোনসহ ঘনিষ্ঠ স্বজনরা আগেভাগেই সেখানে উপস্থিত হয়েছেন।

জানা গেছে, আমির ও গৌরী শুরু থেকেই নিজেদের বিয়েকে ব্যক্তিগত রাখতে চেয়েছেন। তাই কোনো বিলাসবহুল ভেন্যু নয়, বরং অভিনেতার নিজ বাড়িতেই অনুষ্ঠিত হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।

দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ এই আয়োজনে থাকছেন না।কয়েক দিন আগে পরিচালক রাজকুমার হিরানির একটি ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে আমির নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৫ জুলাই তাদের জীবনের একটি বিশেষ দিন। তাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই ছোট পরিসরে নতুন জীবনের সূচনা করতে চান তারা। একই সঙ্গে সবার কাছে ভালোবাসা ও আশীর্বাদও কামনা করেন এই অভিনেতা।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন তিনি। এবার দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *