দক্ষিণ সুদানে বিরোধী বাহিনীর সপ্তাহান্তের এক সশস্ত্র হামলায় সাত শিশুসহ ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাতে আরব নিউজ এই খবর জানিয়েছে।
ওয়ারাপ রাজ্যের টনজ ইস্ট কাউন্টির ভারপ্রাপ্ত কমিশনার মাচুয়েই বিথ এএফপিকে জানান, শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বোল বোল বোমা নামক এলাকায় এই হামলা চালানো হয়। তিনি বলেন, হামলাকারীরা প্রতিবেশী ইউনিটি রাজ্য থেকে এসেছিল এবং তারা সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত এসপিএলএ-আইও বাহিনীর সদস্য, যিনি ২০২৫ সালের মার্চ মাস থেকে গৃহবন্দি রয়েছেন।
রোববার সন্ধ্যায় বিথ এএফপিকে জানান, পশুপালকসহ ২৪ জন বেসামরিক নাগরিক এই হামলায় প্রাণ হারিয়েছেন, যা এর আগে জানানো ১৫ জনের মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে সাতজন শিশু এবং ছয়জন নারী রয়েছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, ‘এসপিএলএ-আইওর পোশাক পরিহিত’ চারজন সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা এএফপিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ঘটনাস্থলে একটি দল পাঠানো হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ওয়ারাপ রাজ্যের দুটি জেলার দুটি গোষ্ঠীর মধ্যে মাকুয়াচ শহরের একটি বাজারে সংঘর্ষে ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হন। এছাড়া গত মাসে ওয়ারাপ রাজ্য ও ইউনিটি রাজ্যের সীমান্তে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ৭২ জন নিহত হয়েছিলেন। আগ্নেয়াস্ত্রের বিস্তারের ফলে অঞ্চলটি বছরের পর বছর ধরে প্রতিশোধমূলক হত্যা, গবাদি পশু লুট এবং এলাকা দখলের লড়াইয়ে জড়িয়ে আছে।
উল্লেখ্য, ২০১১ সালে স্বাধীনতা লাভ করা বিশ্বের নবীনতম এই রাষ্ট্রটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলোর সহিংসতায় জর্জরিত, যা প্রায়ই জাতিগত বিরোধ বা গবাদি পশু চুরির সঙ্গে যুক্ত থাকে। পূর্ব আফ্রিকার এই দেশটিতে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট সালভা কির এবং মাচারের অনুগত বাহিনীর মধ্যে গৃহযুদ্ধে ৪ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে এই দুই নেতার অনুগত বাহিনীর মধ্যে সংঘর্ষ পুনরায় তীব্র আকার ধারণ করেছে এবং দেশটির অনেক এলাকায় মানবিক পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে।











