বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 16, 2026 10:12 pm
October 16, 2026 10:12 pm

টাইগারদের ক্যাচ-স্টাম্পিং-রান আউট মিস, জয়ের সমান ড্র আফগানিস্তানের

ক্যাচ মিস, রানআউটের হাতছাড়া আর সুযোগের পর সুযোগ নষ্ট—সব মিলিয়ে আবুধাবি টেস্টের পঞ্চম দিনটি বাংলাদেশের জন্য রূপ নিয়েছিল এক চরম হতাশায়। ৪৭৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অবিশ্বাস্য রোমাঞ্চ আর দৃঢ়তায় ১৪২ ওভার ব্যাট করে ম্যাচ ড্র করেছে আফগানিস্তান। শেষ বিকেলে জেতার সমস্ত সুযোগ হাতছাড়া করে বাংলাদেশকে মাঠ ছাড়তে হয়েছে ড্রয়ের তীব্র আক্ষেপ নিয়ে।

চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে আফগানিস্তানকে বিশাল টার্গেট দেওয়ার পর কিংবা পঞ্চম দিনের সকালে ৩ উইকেটে ১৩২ রান নিয়ে আফগানরা যখন খেলা শুরু করে—তখনও কেউ কল্পনা করেনি এমন ফল হতে পারে। কিন্তু চতুর্থ ইনিংসে অদম্য প্রতিরোধ গড়ে সেই অসম্ভবকেই বাস্তবে রূপ দিয়েছে হাশমতউল্লাহ শাহিদির দল।

ম্যাচের শেষ দিনে ক্যাচ আর স্টাম্পিং মিসের মহড়া চলেছে বাংলাদেশ শিবিরের। এমনকি বিশ্বরেকর্ড গড়া পারফরম্যান্স করা লিটন দাসও সুযোগ হাতছাড়া থেকে রক্ষা পাননি। ডেনিস লিন্ডসির ৬০ বছরের রেকর্ড ভেঙে এক টেস্টে ৯ ডিসমিসালের পাশাপাশি সেঞ্চুরি ও ফিফটির অনন্য বিশ্বরেকর্ড গড়লেও উইকেটের পেছনে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেন তিনি।

ম্যাচের শেষ দিকে হাসান মাহমুদের ক্যাচ ড্রপ, নাঈম হাসানের রানআউটের সুবর্ণ সুযোগ মিসের মতো ঘটনা আফগানিস্তানকে বেঁচে থাকার সুযোগ করে দেয়।

আফগানদের এই ড্রয়ের রূপকার ওপেনার সেদিকুল্লাহ অতল। ইনিংসজুড়ে তিনি যে দৃঢ়তা ও সংযম দেখিয়েছেন, তাতেই ভিত্তি প্রস্তুত হয় এই ইতিহাস গড়া ড্রয়ের। ৩৩২ বল মোকাবিলা করে ১১১ রান করে তাইজুল ইসলামের বলে যখন তিনি বিদায় নেন, তখনও দিনের দেড় ঘণ্টার বেশি খেলা বাকি। সপ্তম উইকেটের পতনে বাংলাদেশের জয়ের সুবাস পাওয়া যাচ্ছিল।

তবে এরপরই শুরু হয় নাটকীয়তা। মেহেদী হাসান মিরাজের বলে কায়েস আহমেদের সহজ ক্যাচ হাতে জমাতে ব্যর্থ হন হাসান মাহমুদ। এর পর চরম ক্ষোভ আর হতাশায় শূন্যে পা ছুড়ে মারেন এই পেসার।

পরবর্তীতে ইয়ামিন আহমদজাইকে আউট করে মুমিনুল হক অসাধারণ ক্যাচ নিলে আবারও আশা জাগে। কিন্তু শেষ ২ উইকেট আর তুলে নিতে পারেনি শান্ত-তাইজুলরা। কায়েস আহমেদ (৪৯*) ও জিয়া-উর-রেহমান (০*) অদম্য সাহস নিয়ে অবিচ্ছিন্ন থেকে বাংলাদেশকে জয় থেকে বঞ্চিত করেন।

চতুর্থ ইনিংসে ১৪২ ওভার ব্যাট করে ম্যাচ ড্র করার এই ঘটনা টেস্ট ক্রিকেটে বিরল। এশিয়ার মাটিতে এর চেয়ে বেশি ওভার খেলে ড্র করার রেকর্ড রয়েছে কেবল একটি—২০২২ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭২.৪ ওভার ব্যাট করেছিল পাকিস্তান। ২০০৫ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশও ১৪২ ওভার ব্যাট করে ড্র করেছিল, যা এখন আফগানিস্তানের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে।

সুযোগ হাতছাড়ার আফসোস থাকলেও দিনশেষে আবুধাবির উইকেটে আফগানিস্তানের ব্যাটারদের এই ঐতিহাসিক প্রতিরোধ ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে দীর্ঘদিন অমলিন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *