বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

July 22, 2026 11:01 am
July 22, 2026 11:01 am

দশ বছর পর নতুন পরিচয়ে বড় পর্দায় ফিরছেন ‘মুন্নি’ হারশালি মালহোত্রা

এক দশক আগে ‘বজরঙ্গি ভাইজান’-এ শিশু চরিত্র মুন্নি হিসেবে যে মুখটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সেই হারশালি মালহোত্রা এখন আবার ফিরছেন বড় পর্দায়—তবে একেবারেই নতুন রূপে। দীর্ঘ বিরতির পর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পেই হতে যাচ্ছে তার পুনরাগমন, আর সেই প্রত্যাবর্তনটি ঘটছে তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণ অভিনীত ‘অখণ্ডা–২’ দিয়ে।

সম্প্রতি ছবিটি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হারশালিকে দেখা যায় বালাকৃষ্ণের পাশে। সেখানে নতুন ছবিতে তাঁর অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। নির্মাতা বয়াপাট্টি শ্রেণু অনুষ্ঠানে হারশালির অভিনয়গুণের প্রশংসা করে বলেন, প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তিনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং পরিণত।

হারশালি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পথচলার অনুভূতি প্রকাশ করেছেন। আবেগঘন এক পোস্টে তিনি লিখেছেন, ‘মুন্নি শুধু একটি চরিত্র ছিল না—এটি আমার জীবনের অংশ, স্মৃতি আর অনুভূতির নাম। দর্শকের ভালোবাসাই আমাকে এতদিন ধরে পথ দেখিয়েছে। এত বছর নিজেকে প্রস্তুত করেছি শুধু এই জন্য, যেন ফিরে আসতে পারি নতুন এক অভিনেত্রী হিসেবে, নিজের সেরা সংস্করণ নিয়ে।’

দীর্ঘ প্রস্তুতি ও নীরবতার পর হারশালির এই প্রত্যাবর্তন বলিউড–দক্ষিণী উভয় অঙ্গনেই নতুন আলোচনার জন্ম দিয়েছে। ছোট্ট মুন্নির বড় হয়ে বড় পরিসরে ফিরে আসা নিয়ে ভক্তদের প্রত্যাশাও তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *