বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

June 30, 2026 4:39 am
June 30, 2026 4:39 am

ছয় দিনে কোটির ঘরে ‘রাক্ষস’

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বেশ আলোচনায় রয়েছে সিয়াম আহমেদ অভিনীত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘রাক্ষস’। তুলনামূলক কম শো পেয়েও দারুণ পারফরম্যান্স ধরে রেখেছে সিনেমাটি।

ঈদের দিন থেকে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০টি শো প্রদর্শিত হয়েছে ‘রাক্ষস’-এর। দর্শকদের পক্ষ থেকে শো বাড়ানোর দাবি উঠলেও এখনো তা বাড়ানো হয়নি।

অন্য সিনেমার তুলনায় কম শো নিয়েও দর্শকপ্রিয়তায় বাজিমাত করেছে ছবিটি।মাল্টিপ্লেক্স সূত্রে জানা গেছে, মুক্তির ছয় দিনের মধ্যেই ঈদের তৃতীয় সিনেমা হিসেবে কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘রাক্ষস’।

চলচ্চিত্রভিত্তিক পেজ বিএমআরের তথ্য অনুযায়ী, গতকাল স্টার সিনেপ্লেক্সের ১৩টি এবং লায়ন সিনেমাসের ৫টি—মোট ১৮টি শো চলেছে সিনেমাটির। এর মধ্যে ১০টি শো ছিল হাউসফুল এবং আরো দুটি শো প্রায় পূর্ণ ছিল।

মুক্তির প্রথম সাত দিনে ‘রাক্ষস’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ টাকা।

মাল্টিপ্লেক্সের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। একই সঙ্গে সিনেপ্লেক্সে শো বাড়ানোর আহ্বান জানিয়েছে তারা।

প্রযোজনা সংস্থার দাবি, শো সংখ্যা বাড়ানো হলে সিনেমাটির আয় আরো বৃদ্ধি পাবে।

কারণ অনেক দর্শক টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন।পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, “স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ‘রাক্ষস’-এর টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা যে গল্পটি ভেবে সিনেমাটি নির্মাণ করেছি, দর্শক সেটার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার ‘রাক্ষস’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এ ছাড়া আর অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডল ও বলিউডের শাতাফ ফিগার। ছবিটির একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *