বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

July 13, 2026 12:59 am
July 13, 2026 12:59 am

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালে’তে নেপালকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন মানিক। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। শুরুতেই বেশ কয়েকটি প্রচেষ্টা ভেস্তে যায়। তবে ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় লাল-সবুজের দল। দারুণ এক হেডে বাংলাদেশকে লিড এনে দেন মোহাম্মদ মানিক। তার একমাত্র সেই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সেমিফাইনালে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম থেকেই অনেক আক্রমণ হচ্ছিল। গোল পেতে দশ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। মোর্শেদের চিপ থেকে বক্সে লাফিয়ে হেড করেন মানিক। এতে মালে স্টেডিয়ামের গ্যালারী গোল উৎসবে মাতে। মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসী দর্শক রয়েছেন অনেকে।

পরের মিনিটে বাংলাদেশ আবার নেপালের জালে বল পাঠায়। আমেরিকান প্রবাসী রোনান সুলিভান দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান। তিনি যখন বল রিসিভ করেন তখন নেপালের ডিফেন্ডারের চেয়ে এগিয়ে ছিলেন। সহকারী রেফারি অফ সাইডের পতাকা তোলেন। বাংলাদেশের ডাগ আউট থেকে এটার প্রতিবাদ হয়েছে ব্যাপকভাবে। তাতে ১-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।

দ্বিতীয়ার্ধের প্রথম ২০-৩০ মিনিট নেপাল বাংলাদেশের উপর যথেষ্ট চাপ রাখে। গোলের কয়েকটি আক্রমণ করলেও গোলরক্ষক মাহিন অবশ্য ভালো সেভ করেছেন। বাংলাদেশও পক্ষান্তরে আক্রমণ করেছে। দুই দলই দ্বিতীয়ার্ধে একাধিক খেলোয়াড় পরিবর্তন করেছে। রোনানের ভাই ডেকলানকে ম্যাচের শেষের দিকে নামিয়েছেন কোচ মিশু। ডেকলান ভাই রোনানকে বক্সের মধ্যে ভালো পাস দিয়েছিলেন। রোনানের শট নেপালের ডিফেন্ডারে প্রতিহত হয়ে কর্ণার হয়।

৬ মিনিট ইনজুরি সময়ে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। রোনান-মোর্শেদরা ফাইনালে উঠায় মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীরা উল্লাস করেন।

২০২৪ সালে বাংলাদেশ সাফের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও বাংলাদেশ নিজেদের শিরোপা ধরে রাখার মিশন নিয়েই দেশ ছেড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *