ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি। ঐতিহাসিক এই জয়ের পর দলীয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি ভেন্যুতে পৌঁছান। সেখানে দলের কেন্দ্রীয় ও শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত নবীন সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও সম্মেলনে অংশ নেন।
নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণের প্রস্তুতি থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩সহ তিনটি আসনের ফলাফল স্থগিত করা হয়। ফলে মোট ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ইসির তথ্য বলছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে, যা তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অর্জন করেছে ৬টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য রাজনৈতিক দল মিলিয়ে পেয়েছে ১৪টি আসন।
নির্বাচনের ফলাফলের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলে আগামী দিনের রাজনৈতিক রূপরেখা স্পষ্ট হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।











