ভালোবাসা আর বসন্তের আবেশে রাঙা হয়ে উঠেছে শোবিজ অঙ্গন। ফাল্গুনের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের সরব উপস্থিতি যেন উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। হলুদের ছোঁয়া, রঙিন পোষাক আর ভালোবাসার বার্তায় ভরে উঠেছে টাইমলাইন।
ভালোবাসা দিবসের সকালে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিম। সংক্ষিপ্ত ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে’, তবে ছবিতেই ধরা পড়েছে তাদের উষ্ণ সম্পর্কের রসায়ন।
দিবসের প্রথম প্রহরেই স্বামী আদনানের সঙ্গে তোলা একাধিক ছবি পোস্ট করেন মেহজাবীন চৌধুরী। আবেগঘন বার্তায় তিনি তুলে ধরেন দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ও ভালোবাসার পথচলার কথা। সংসার জীবনের এক বছর পূর্তির উল্লেখ করে লিখেছেন, নতুন করে শুরু করার সুযোগ এলে আবারও তিনি আদনানকেই বেছে নিতেন। এর আগের দিন ফাল্গুনকে বরণ করে হলুদ শাড়িতে নিজের কিছু ছবি শেয়ার করে তিনি জানিয়েছিলেন ‘ফাল্গুনের শুভেচ্ছা’।
বসন্তের রঙে নিজেকে সাজিয়েছেন সংগীতশিল্পী কনা। হলুদ পোশাকে ঘোরাঘুরির মুহূর্ত শেয়ার করে তিনি লিখেছেন, ‘ফাল্গুনে ঘোরাঘুরি’, যা ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
অন্যদিকে ভালোবাসার আবহে একটি ছবি পোস্ট করে ‘বসন্তের শুভেচ্ছা’ জানিয়েছেন সুনেরাহ বিনতে কামাল। সংক্ষিপ্ত বার্তাতেই ফুটে উঠেছে ঋতুর উচ্ছ্বাস।
ঋতুর পরিবর্তন আর ভালোবাসার বিশেষ দিনে তারকাদের এমন ব্যক্তিগত মুহূর্ত ভাগাভাগি ভক্তদের কাছে হয়ে উঠেছে বাড়তি আকর্ষণ। বসন্ত ও ভ্যালেন্টাইন—দুই উৎসব মিলিয়ে শোবিজ অঙ্গনে এখন রঙিন সময়।











