বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

September 17, 2026 8:02 pm
September 17, 2026 8:02 pm

লন্ডন থেকে ফেসবুকে সমকামিতায় উদ্বুদ্ধকরণের অভিযোগ: সিলেটে যুবকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

ছবিঃ ফেইসবুক পেইজের স্ক্রিনশট

যুক্তরাজ্যের লন্ডনে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে সমকামিতায় উদ্বুদ্ধকরণের প্রচার চালানোর অভিযোগে সিলেটের শাহপরান থানাধীন পূর্ব ভাটপাড়া এলাকার মো. পায়েল আহমদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইসলামি আন্দোলন ও হেফাজতে ইসলামের নেতা মোহাম্মদ আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা পায়েলের পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। চরম নিরাপত্তাহীনতার মুখে পড়ে ওই যুবকের পরিবার বর্তমানে দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন। হামলার সময় স্থানীয় কিছু লোক ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ এবং অভিযুক্তের ‘ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই’ স্লোগান দেন।

ছবিঃ মোঃ পায়েল আহমদ ও তার পরিবার।

অভিযুক্ত মো. পায়েল আহমদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। সেখান থেকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে সমকামিতার পক্ষে নিয়মিত পোস্ট দিয়ে আসছেন এবং বিভিন্ন কনটেন্টের মাধ্যমে লোকজনকে সমকামিতায় উৎসাহিত করছেন—এমন অভিযোগ রয়েছে। তার এ ধরনের কর্মকাণ্ড এলাকায় জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও আলেম-উলামাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর আগেও লন্ডনে থাকা তার স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পায়েলের বাড়িতে স্থানীয় লোকজন একাধিকবার চড়াও হয়েছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *