বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

September 10, 2026 4:26 pm
September 10, 2026 4:26 pm

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলের দুর্গম এলাকায় অবস্থিত ইনল্যান্ড সারাওয়াক বিমানক্ষেত্রে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ পাঁচ আরোহী নিহত হয়েছেন। 

আজ বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিও-১০৫ মডেলের হেলিকপ্টারটি পরিচালনার দায়িত্বে ছিল চিকিৎসাসেবাদাতা প্রতিষ্ঠান ‘ফ্লাইং ডক্টর সার্ভিস’।

এটি মঙ্গলবার বিকেলে মিরি শহর থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিধ্বস্ত হয় বলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন।

মিরির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান গ্যালং লুয়াং এক বিবৃতিতে বলেন, ‘অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ (বোম্বা) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে হেলিকপ্টারের পাঁচ আরোহী মারা গেছেন।’

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে হেলিকপ্টারের পাইলট, একজন চিকিৎসক, একজন মেডিকেল সহকারী ও দুজন নার্স মারা গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে হেলিকপ্টারটি থেকে ধোঁয়া বের হচ্ছিল।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিমান দুর্ঘটনা তদন্ত দল আজ দুর্ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

দুর্ঘটনার কারণ কী, তা এখনো স্পষ্ট নয়।

মালয়েশিয়ার মধ্যাঞ্চলের দুর্গম এলাকাগুলো বড় বড় গাছগাছালিতে ঘেরা। সেখানে যাতায়াতের জন্য স্থলপথ নেই বললেই চলে।

এসব জায়গায় জরুরি চিকিৎসা সেবার জন্য এ ধরনের হেলিকপ্টারভিত্তিক সেবার ওপর মানুষকে ভরসা রাখতে হয়।

এ ধরনের সেবাদাতাদের মধ্যে ফ্লাইং ডক্টর সার্ভিস বেশ জনপ্রিয়।

সাধারণত একজন মেডিকেল কর্মকর্তা, সহকারী মেডিকেল কর্মকর্তা, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত দলগুলো মাসিক বা দুই মাস অন্তর হেলিকপ্টার বা ছোট উড়োজাহাজে করে বিভিন্ন গ্রাম ও লংহাউসে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *