বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

November 5, 2026 5:52 pm
November 5, 2026 5:52 pm

ফিনল্যান্ডে বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার সেমিনার বাতিল

কর্তৃপক্ষ বুকিং বাতিল করায় ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে সেমিনার করতে পারেনি আওয়ামী লীগপন্থি সংগঠন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি)। তবে নির্ধারিত সময়ে অন্যত্র সেমিনারের আয়োজন করে সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যোগ দেন। তবে সেনিমারের আমন্ত্রণপত্রে ১০ জন বক্তার নাম ছিল; তাদের আটজনই অনুপস্থিত ছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বাংলাদেশ সময় রাত ৮টায় সেমিনারটি সরাসরি সম্প্রচার করা হয়। ভারতে অবস্থান করা শেখ হাসিনা অডিও বক্তব্য দেন। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির আলটো বিশ্ববিদ্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এনসিপি জানিয়েছে, ফিনল্যান্ডে তাদের নেতাকর্মীদের তৎপরতায় জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের তথ্য জানানোর পর আলটো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমিনারের বুকিং বাতিল করে।

‘বাংলাদেশ অ্যাট এ টার্নিং পয়েন্ট: ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড এক্সট্রিমিজম’ শীর্ষক সেমিনার আয়োজনের ঘোষণা দিয়েছিল জিসিডিজি। সংগঠনটির সভাপতি ডা. হাবিবে মিল্লাত। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন সেমিনারে। সঞ্চালনা করেন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম নামে একটি সংগঠনের যোগাযোগ পরিচালক ক্রিস ব্ল্যাকবার্ন, যিনি সাম্প্রতিক সময়ে আওয়ামীপন্থিদের বিভিন্ন সেমিনারে উপস্থিত থাকছেন। এ দুজন ছাড়াও সেমিনারে বক্তৃতা করেন ইউরোপের আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্কের প্রেসিডেন্ট নুরে জামান ভূঁইয়া।

একটি কক্ষের জানালার পর্দার সামনে বসে মোবাইল ফোনে সম্প্রচার করা ৩৫ মিনিটের এই সেনিমারের শেষ বক্তা ছিলেন শেখ হাসিনা। ছিল না কোনো ব্যানার, মঞ্চ। সেমিনারে যে বক্তারা উপস্থিত থাকবেন বলে আগে প্রচার করা হয়েছিল, সেই অতিথিরাও ছিলেন না। অতিথি তালিকায় নাম ছিল হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ড. পেক্কা তুওমিনেন, রোটারি ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্নর জেরে জানতুনেন, ভান্তা সিটির কাউন্সিলর সোইলে এরিকসন, হেলসিঙ্কি সিটির কাউন্সিলর এলিনা কাউপিলা, ভান্তা সিটির কাউন্সিলর দ্রিলন ক্লোকোকি ও শেখর আচার্য, জ্যেষ্ঠ আইনজীবী নিলস হেনরিক ওয়াসেনিয়ুস, মানবাধিকারকর্মী মিক্কো ডামসক্যাগ এবং লেখক হাসান ব্লাসিমের। তারা উপস্থিত ছিলেন না।

অল্টারনেটিভ সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট জানিয়েছে, তারা দুইজন অতিথির সঙ্গে কথা বলেছেন। যারা জানান, তাদের সম্মতি ছড়াই সেমিনারের অতিথি হিসেবে নাম ব্যবহার করা হয়েছে। হেলসিঙ্কি সিটির কাউন্সিলর এলিনা কাউপিলা নিজের ফেসবুক ও ইন্সটাগ্রাম পোস্টেও বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির ফিনল্যান্ড শাখার এনসিপির আহ্বায়ক আহাদ শিকদারের বরাতে বলা হয়েছে, আলটো  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেইলে জুলাই গণহত্যায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার অংশগ্রহণের কথা জানানো হয়। তাদের বলা হয়, আদালতে প্রমাণিত খুনি ইউরোপের কোনো দেশে সেমিনার করতে পারেন না। এর পরিপ্রেক্ষিতে সেমিনারটির বুকিং বাতিল করে বিশ্ববিদ্যালয়।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে ফিনল্যান্ডের দৃঢ় অবস্থান সম্পর্কে আমরা অবগত। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত অপরাধী সংগঠন আওয়ামী লীগ সে দেশের বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজনের চেষ্টা করায় তা জানানোর সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *