বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

April 11, 2026 9:25 am
April 11, 2026 9:25 am

খুলনায় টানা সহিংসতা, গুলিবিদ্ধ যুবক হাসপাতালে

খুলনা নগরীতে আবারও গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আইনুল হোসেন ওরফে আয়নাল (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। বুধবার রাত আনুমানিক ৮টার দিকে লবণচরা থানাধীন হঠাৎ বাজার এলাকার রহমানিয়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ৪ থেকে ৫ জনের একটি সশস্ত্র দল আচমকা আইনুলকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার ডান পায়ে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনাটি ছিল আকস্মিক ও পরিকল্পিত হামলার মতো। গুলিবিদ্ধ আইনুল একই দিনে দায়ের হওয়া একটি মামলার প্রধান আসামি ছিলেন বলে জানা গেছে। এ কারণে পূর্ব শত্রুতা কিংবা মামলাজনিত বিরোধ থেকে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তথ্য সংগ্রহ ও অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, এর আগের রাতেও নগরীর টুটপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে সোহেল ওরফে চেগা সোহেল নামে আরেক যুবক আহত হন। টানা দুই দিনের গুলির ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *