বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

June 5, 2026 12:22 am
June 5, 2026 12:22 am

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার পূর্ণাঙ্গ তদন্ত, হত্যার পরিকল্পনাকারীদের চিহ্নিতকরণ, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় শাহবাগের ওসমান হাদি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মশাল মিছিলে অংশগ্রহণকারীরা ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান আদনান বলেন, সরকার ক্ষমতায় আসার পর ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে এ হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “আমরা আজ শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে এখানে সমবেত হয়েছি। হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সরকারকে এ ঘটনার নেপথ্যের সব তথ্য উদঘাটনে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এ বিষয়ে দুই দেশের বিদ্যমান চুক্তি কার্যকরভাবে প্রয়োগের দাবি জানাচ্ছি।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ একটি বক্তব্য দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমরা তাকে পছন্দ করি, কিন্তু তার বক্তব্যে আমরা বাংলাদেশের স্বার্থের পক্ষে কোনো দৃঢ় অবস্থান দেখতে পাইনি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করার পরেও আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টিকে আমলে নেওয়ার প্রয়োজন মনে করেননি। এটি অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, ভারত ওসমান হাদির খুনিদের ফিরিয়ে দিতে রাজি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। প্রশ্ন হলো তাদের ফিরিয়ে আনার নির্দিষ্ট সময়সীমা কী? নাকি এ প্রক্রিয়া অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে?

সমাবেশ থেকে আগামী শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *