বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 14, 2026 3:36 pm
October 14, 2026 3:36 pm

এবার কক্সবাজারেও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা ও অতিবৃষ্টিজনিত পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও রাঙামাটির পর এবার কক্সবাজার জেলাতেও বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি আদেশে কক্সবাজার জেলায় পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে একই রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অপর এক আদেশে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছিল। সেই আদেশে উল্লেখ করা হয়েছিল যে, অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। তবে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় কক্সবাজার জেলার পরীক্ষাও স্থগিত করে নতুন আদেশ জারি করা হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, স্থগিত হওয়া এলাকার পরীক্ষাগুলো পরবর্তীতে আলাদা প্রশ্নপত্রে গ্রহণ করা হবে। প্রসঙ্গত, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সে হিসাবে, সোমবার (৬ জুলাই) বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বন্দরনগরী দ্বিতীয় সর্বোচ্চ ও ৪২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামের পাশাপাশি রাঙামাটি ও কক্সবাজারেও টানা ভারী বৃষ্টিতে অনেক এলাকা প্লাবিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *