বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

July 12, 2026 11:39 pm
July 12, 2026 11:39 pm

বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের

ইংল্যান্ড ২-১ নরওয়ে

জুড বেলিংহামকে মাত্রই তুলে নিয়েছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। বেলিংহাম গিয়ে বসলেন সাইড বেঞ্চে।

টিভি ক্যামেরা তার দিকে ঘুরাতেই মুষ্টিবদ্ধ হাতে উদযাপন করলেন ও তৃপ্তির হাসি হাসলেন। মুখাবয়ব দেখেই বোঝা যাচ্ছিল কাজের কাজটা তিনি করে ফেলেছেন।কিছুক্ষণ পরেই শেষ বাঁশি বাজালেন ফরাসি রেফারি ক্লেমঁ তুরপিন। আনন্দে ভাসলেন বেলিংহাম, আনন্দে ভাসল ইংল্যান্ড।

নরওয়েজিয়ানরা হতাশায় মাটিতে লুটিয়ে পড়লেন।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পিছিয়ে পড়েও বেলিংহামের ঝলকে ২-১ ব্যবধানে জিতল ইংল্যান্ড; ৮ বছর পর উঠল বিশ্বকাপের সেমিফাইনালে।সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। তার অধীনই ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বাদ পড়তে হবে।

তবে এবার টুখেলের কোচিংয়ে শেষ চারে জায়গা করে নিয়ে আরো বড় স্বপ্ন দেখতে শুরু করেছে ইংল্যান্ড।

আটলান্টায় আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ড।

ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর রাতে দুটি গোলই করেছেন রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহাম। প্রথমটি প্রথমার্ধের যোগ করা সময়ে সমতাসূচক, পরেরটি ম্যাচের অতিরিক্ত সময়ে জয়সূচক।

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল।

৩৬ মিনিটে ডি বক্সের বাঁ পাশ থেকে বুলেট গতির শটে গোল করে ইংলিশদের ক্ষণিকের জন্য স্তব্ধও করে দিয়েছিলেন নরওয়ের তরুণ উইঙ্গার শেলদেরুপ।তবে জবাব দিতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড। বেলিংহামের নৈপুণ্যে প্রথমার্ধের যোগ করা সময়ে আসে সমতা।

ধারণা করা হচ্ছিল, দ্বিতীয়ার্ধেও গোলের দেখা মিলবে। কিন্তু তেমনটা হয়নি। ১-১ সমতায়ই নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ায় মায়ামিতে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে।

বিরতির পর গোলের সুবর্ণ সুযোগ যে আসেনি, তা নয়। টোরবিয়র্ন হেগেমের গোলে নরওয়ে তো দ্বিতীয়বার এগিয়েও গিয়েছিল।

কিন্তু ওই গোলের আগ মুহূর্তে আর্লিং হালান্ড এলিয়ট অ্যান্ডারসনকে ইংল্যান্ডের বক্সে ফেলে দেন। ভিএআরে তা নিশ্চিত হয়ে গোল বাতিল করে দেন রেফারি।

এখানেই শেষ নয়। বার্গের দারুণ হেড ক্রসবারে লেগে ফিরলে হতাশ হতে হয় নরওয়েকে।

নরওয়ে গোলকিপার নিলান্ডের ভুলে যোগ করা সময়ে জয়সূচক গোলটা প্রায় পেয়ে গিয়েছিলেন বদলি জেড স্পেন্স। কিন্তু বল লাফিয়ে উঠে বাইরে চলে যায়।

এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত করেন বেলিংহাম। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হ্যারি কেইনের কোনাকুনি হেড ঝাঁপিয়ে কোনোমতে রুখে দেন নরওয়ে গোলকিপার নিলান্ড। কিন্তু দলকে বাঁচাতে পারেননি তিনি।

বরং পরক্ষণে নিলান্ডের দুর্বলতার সুযোগেই এগিয়ে যায় ইংল্যান্ড। মরগান রজার্সের জোরালো শট নাগালে থাকলেও বল গ্লাভসে নিতে পারেননি নিলান্ড। তার হাত ফসকে বেরিয়ে যাওয়া বল ছুটে গিয়ে জালে পাঠান বেলিংহাম।

এ নিয়ে বিশ্বকাপে টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন বেলিংহাম। আজতেকায় বিশ্বকাপের সহ-আয়োজকের মেক্সিকোর বিপক্ষেও জোড়া গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

যে দুই তারকা স্ট্রাইকারের দিকে সবার দৃষ্টি ছিল, তারাই আজ হতাশ করেছেন। হ্যারি কেইন ও আর্লিং হালান্ডকে এক রকম বোতলবন্দী করে রেখেছিল দুই দলের রক্ষণভাগ।

প্রথমার্ধের যোগ করা সময়ে কেইন নরওয়ের জালে বল জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় তা বাতিল হয়ে যায়। এর বাইরে তাকে বলতে গেলে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে অতিরিক্ত সময়ের বিরতিতে হালান্ডকে তুলে নেন নরওয়ে কোচ স্তলে সোলবাকেন। বদলি নামেন ইয়োর্গেন লারসেন।

শেষ কয়েক মিনিটে মরিয়া হয়ে চেষ্টা করেও লাভ হয়নি নরওয়ের। বেলিংহাম যেদিন রুদ্রমূর্তি ধারণ করেন, সেদিন আসলে কারো কিছু করার থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *