বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

August 3, 2026 2:58 am
August 3, 2026 2:58 am

পরিচ্ছন্নতা দেখতে ঢাকা উত্তর সিটির সড়ক ঘুরলেন প্রধানমন্ত্রী

নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতার চিত্র দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে বের হন।

উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর বিভিন্ন সড়ক কেমন পরিষ্কার-পরিচ্ছন্ন তা দেখতে বের হন প্রধানমন্ত্রী। বারবার তিনি বলেছেন, ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চান। তিনি শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়ার সড়ক প্রদক্ষিণ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে নাগরিক সেবার বাস্তব চিত্র দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

রাজধানীর সড়ক, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং নগরসেবা কার্যক্রমের সামগ্রিক অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থানে থেমে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা দেখতেই তিনি বের হন বলে জানা গেছে।

এর আগে পবিত্র ঈদুল আজহার সময় রাতে রাজধানীর পরিস্থিতি দেখতে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে অবহেলার অভিযোগে তখন সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *