বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

September 28, 2026 6:23 am
September 28, 2026 6:23 am

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের বড় পরাজয় বাংলাদেশের

অবশেষে পরিসংখ্যান আর ফিফা র‍্যাঙ্কিংয়ের ব্যবধানই বড় হয়ে দেখা দিল বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচে। ফিফা আসিয়ান কাপে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১৩৬ নম্বর দলের বিপক্ষে ৩৫ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ শুরু করলো বড় হার দিয়ে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে হামজা চৌধুরীদের বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের চাপ তৈরি করে মালয়েশিয়া। মাত্র চার মিনিটেই কর্নার থেকে গোলের সুযোগ তৈরি করেছিল তারা। তবে গোলরক্ষক শ্রাবণের দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ।

তবে চাপ ধরে রাখে মালয়েশিয়া। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আয়মানের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ফিরে ব্যবধান কমানোর চেষ্টা করলেও বাংলাদেশকে আরও বিপদে ফেলে মালয়েশিয়া। ৫২ মিনিটে বার্গসন গোল করে স্কোরলাইন ৩-০ করেন।

এরপর আক্রমণ বাড়াতে শেখ মোরসালিন ও জিদান অ্যালেক্সান্ডার ইউসুফকে মাঠে নামান কোচ টমাস ডুলি। শেষ দিকে কয়েকটি আক্রমণ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি বাংলাদেশ।

শেষ পর্যন্ত অভিজ্ঞতা, র‍্যাংকিং ও সামর্থ্যের পার্থক্য কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মালয়েশিয়া। আসিয়ান কাপের প্রথম ম্যাচে তাই হতাশার হার নিয়েই মাঠ ছাড়তে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *