লিবিয়া থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থান করা এসব নাগরিক বুরাক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়।
বিমানবন্দরে প্রত্যাবসিত ব্যক্তিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। এ সময় জনসচেতনতা বাড়াতে লিবিয়ায় তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার ও আইওএমের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়।











