মিসরের রাজধানী কায়রোতে জ্বালানিবাহী একটি ট্রাক উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাজধানীর ব্যস্ত রিং রোডের আল-ওয়ারাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাজধানীর বিভিন্ন অংশের সংযোগকারী ব্যস্ত মহাসড়কটিতে জ্বালানিবাহী ট্রাকটি উল্টে যায়। এরপর ট্রাকটিতে আগুন ধরে গেলে তা আশপাশের যানবাহনেও ছড়িয়ে পড়ে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজনের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউটর। এ ঘটনায় তদন্তও শুরু হয়েছে।
এএফপির ছবিতে দেখা যায়, কয়েকটি গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দমকলকর্মীরা ট্রাকটির ধ্বংসাবশেষে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার ঘটনাস্থল ও আশপাশের হাসপাতাল পরিদর্শন করেছেন।
ধ্বংসাবশেষ সরিয়ে সড়ক চালু
স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজকে জানান, রিং রোডটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং দুর্ঘটনার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হয়েছে। সম্প্রচারিত ভিডিওতে পুড়ে যাওয়া ট্রাকটির ধ্বংসাবশেষ সরানোর পাশাপাশি সড়কের একাংশে যান চলাচল শুরু হতে দেখা যায়।
মন্ত্রিসভার এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। পেট্রোলিয়াম পণ্য পরিবহনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নির্ধারণের আগে সরকার তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে চায়।
মিসরে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনানুষ্ঠানিক আবাসিক এলাকা ও জরাজীর্ণ অবকাঠামোকে এসব দুর্ঘটনার ঝুঁকির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। অনেক এলাকায় জরুরি নির্গমন পথ, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র ও অগ্নিসংকেতের ব্যবস্থা অপ্রতুল। এ ছাড়া সরু ও জটিল সড়কের কারণে দমকল বাহিনীর গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
দেশটিতে সড়ক দুর্ঘটনাও নিয়মিত ঘটনা। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ, ট্রাফিক আইন লঙ্ঘন এবং আইনের অসম প্রয়োগকে এসব দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করা হয়।
মিসরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর আগের বছর ৫ হাজার ২০০টির বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।
গত আগস্টে উত্তর মিসরে কৃষিকাজে নিয়োজিত দিনমজুরদের বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের অনেকেই ছিলেন কিশোর।











