বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

November 26, 2026 10:29 pm
November 26, 2026 10:29 pm

দাম বাড়ল সয়াবিন তেলের, অপরিবর্তিত পাম অয়েল

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের বিদ্যমান মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন ও বৈশ্বিক এবং অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

আসন্ন পবিত্র রমজান সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

এদিকে, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *