বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

April 11, 2026 12:35 pm
April 11, 2026 12:35 pm

ইটভাটার জন্য ফসলি জমির মাটি কাটাকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষিজমির মাটি উত্তোলনকে কেন্দ্র করে গ্রামবাসী ও মাটি ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কাজহরদী ও পাশের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক ইটভাটা চালু রয়েছে। এসব ভাটায় মাটি সরবরাহের জন্য একটি প্রভাবশালী চক্র গভীর রাতে ভেকু দিয়ে আশপাশের ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যায়। এতে জমির উর্বরতা কমে যাচ্ছে, পাশাপাশি পাশের জমির পাড় ভেঙে কৃষকদের আর্থিক ক্ষতি হচ্ছে।

ঘটনার রাতে মাটি কাটার সময় এলাকাবাসী বাধা দিলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠিসোঁটা ব্যবহার করে।

আহত কবিরের অভিযোগ, হানিফ, মহাসিন, শারজাহান ও শানুর নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। শারজাহান দাবি করেন, প্রথমে গ্রামবাসী তাদের মোটরসাইকেল ও ভেকু ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তালতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ বলেন, এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *