বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

February 23, 2026 4:49 am
February 23, 2026 4:49 am

অনিয়মে শূন্য সহনশীলতা: কঠোর বার্তা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি স্পষ্টভাবে বলেন, যেখানেই অনিয়ম ধরা পড়বে, সেখানেই তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে—কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

রবিবার সন্ধ্যায় সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে ৪৪তম বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার। প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন। সেই নীতির আলোকে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অনিয়মের সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নিয়মতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই সরকারের অঙ্গীকার। জনগণকে আইনের আওতায় এনে শৃঙ্খলাপূর্ণ প্রশাসন নিশ্চিত করতে কাজ চলছে। নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।” দেশের স্বার্থ ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেখানে যে সমস্যা চিহ্নিত হবে, সুনির্দিষ্টভাবে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে এবং কৃষকদের সহায়তায় ফারমার্স কার্ড চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। এছাড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই অবহিতকরণ কোর্সে ৪৪তম বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত ১৯৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *