বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

July 31, 2026 4:31 am
July 31, 2026 4:31 am

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুআহ বুধবার বাংলাদেশ ব্যাংকের অন্যতম নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক শরিয়াহ-ভিত্তিক ইসলামী ব্যাংকে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল।

শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘ব্যাংকটির সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে, প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করতে, আমানতকারীদের সুরক্ষা দিতে এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে এই নিয়োগ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সভা ও অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রমে অংশ নেবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংককে সরবরাহ করবেন।’

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এ সিদ্ধান্ত ব্যাংকের কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও জোরদার করবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

গত ২৪ মে ঈদুল আজহার ছুটির আগের দিন সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

এই নিয়োগের পর গত ১ জুন থেকে ব্যাংকটিতে অস্থিরতা শুরু হয়, যা এখনো কাটেনি। গ্রাহকরা ব্যাংকটি থেকে টাকা তুলে নিচ্ছে বলে জানা গেছে। চলতি মাসের ১ থেকে ৭ জুনের মধ্যে ব্যাংকটি থেকে উঠিয়ে নেওয়া আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা।

আমানত তোলার চাপ সামলাতে গত সোমবার ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *