টবল বিশ্বকাপের উন্মাদনা মাঠ পেরিয়ে বরাবরই আছড়ে পড়ে দেশের তারকা অঙ্গনে। মাঠের লড়াই শুরুর আগেই শোবিজ পাড়ায় শুরু হয়ে গেছে দল নিয়ে টানটান উত্তেজনা। সম্প্রতি কুরাসাওয়ের বিপক্ষে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ৭ গোলের এক বিশাল জয় উদযাপনে মেতেছেন সাধারণ ফুটবলপ্রেমীরা।
তবে জার্মানির এই বিধ্বংসী জয় বিনোদন জগতের একটি বিশেষ মহলকে মনে করিয়ে দিয়েছে পুরোনো এক ইতিহাস। সামাজিক মাধ্যমে তারকাদের কর্মকাণ্ড দেখে বোঝার বাকি নেই, জার্মানির এই জয়ে খোদ জার্মান সমর্থকদের চেয়েও যেন বেশি আনন্দিত আর্জেন্টিনার সমর্থকেরা!
আর্জেন্টিনার সমর্থক হিসেবে বিনোদন অঙ্গনে বেশ পরিচিত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। খেলা শেষ না হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টগুলো নজর কেড়েছে নেটিজেনদের। কুরাসাওয়ের বিপক্ষে খেলার শেষ মুহূর্তে মেহজাবীন ফেসবুকে লেখেন, ‘জার্মানি এটা কি দেখাচ্ছে!’ এরপর ম্যাচ শেষ হতেই অতীতের এক চিরচেনা ম্যাচের স্কোরলাইন মনে করিয়ে দিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘৭-১ ফিলিং নস্টালজিক’।
মেহজাবীনের সুরেই সুর মিলিয়ে প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বীদের খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। তিনিও তার ফেসবুক হ্যান্ডেলে প্রায় একই রকম এক রসাত্মক পোস্ট করে লেখেন, ‘ফিলিং নস্টালজিক… জার্মানি ৭টা গোল দিসে… জাস্ট সেয়িং (শুধু বললাম আরকি)’। হঠাৎ জার্মানির জয়ে এই দুই আর্জেন্টিনা ভক্তের এমন উচ্ছ্বাসের কারণ অবশ্য ফুটবলপ্রেমী মাত্রই বোঝার কথা। মূলত ২০১৪ সালের ঘরের মাঠের বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের সেই ঐতিহাসিক ৭ গোল খাওয়ার ক্ষতটাকেই আবারও খুঁচিয়ে দিয়েছেন এই দুই তারকা।
মাঠের লড়াইয়ে এদিন শুরু থেকেই কুরাসাওয়ের ওপর চড়াও হয়ে খেলেছিল জার্মানি। প্রথমার্ধেই ৩ গোল দিয়ে চালকের আসনে বসার পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। ম্যাচের ৭৮ মিনিটে ডেনিজ উনদাভ গোল করলে জার্মানির ব্যবধান দাঁড়ায় ৬–১। এরপর ম্যাচের শেষ দিকে যখনই ৭ম গোলটি হয়, তখনই যেন পুরোপুরি ফিরে আসে ২০১৪ বিশ্বকাপের সেই বিখ্যাত স্মৃতি, যেখানে সেলেসাওদের ৭–১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি।
শোবিজ অঙ্গনে বরাবরই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের লড়াইটা বেশ জমে ওঠে। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই মেহজাবীনসহ বেশ কয়েকজন তারকাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। অন্যদিকে তানজিকা আমিনও স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরে ছবি শেয়ার করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। মাঠের লড়াই যেখানেই হোক না কেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের বাইরের এই খুনসুটি যে বিশ্বকাপের আমেজকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।











