বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

September 24, 2026 5:31 am
September 24, 2026 5:31 am

সুইডেনের জালে গোল উৎসব করে জয় পেলো নেদারল্যান্ডস

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সুইডিশরা। ৫–১ গোলে বিধ্বস্ত হয়েছে সুইডেন। নেদারল্যান্ডসের পক্ষে জোড়া গোল করেছেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো।

এই জয়ে গ্রুপ ‘এফ’–এর শীর্ষে উঠলো নেদারল্যান্ডস। নিজেদর প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২–২ গোলে করেছিল তারা। আর সুইডেন প্রথম ম্যাচে ৫–১ গোলে হারিয়েছিল তিউনিসিয়াকে।

শনিবার (২০ জুন) হিউস্টনে ‘এফ’ গ্রুপের ম্যাচটির শুরু থেকেই উচ্চ প্রেসিং ও দ্রুতগতির আক্রমণে সুইডেনকে চাপে রাখে নেদারল্যান্ডস। এর ফলও আসে দ্রুত। ম্যাচের ৬ মিনিটে তিজানি রেইন্ডার্সের তৈরি করা আক্রমণ থেকে কোডি গাকপোর পাস পেয়ে কাছ থেকে জালে বল পাঠান ব্রায়ান ব্রবি।

গোলের পরও আক্রমণের ধার কমায়নি ডাচরা। ডেনজেল ডামফ্রিস ও ডনিয়েল মালেন ডান প্রান্তে বারবার সুইডিশ রক্ষণে ভীতি ছড়ান। ১৭ মিনিটে তাদের সমন্বয় থেকেই আসে দ্বিতীয় গোল। ডামফ্রিস ও মালেনের তৈরি সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ব্রবি, আর নেদারল্যান্ডস এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

প্রথমার্ধের শেষ দিকে কয়েকটি সুযোগ তৈরি করে সুইডেন। ৪৫ মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। যোগ করা সময়ে গিওকেরেসের শক্তিশালী ফ্রি-কিক এবং ইয়াসিন আয়ারির নিচু শটও ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা।

বিরতির পরপরই আবারও গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ম্যাচের ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। এরপর ম্যাচের ৫৪ মিনিটে দারুণ এক শটে দলের চার নম্বর ও নিজের দ্বিতীয় গোল করেন গাকপো।

এর ৫ মিনিট পর এক গোল শোধ করে সুইডেন। কাউন্টার অ্যাটাক থেকে নেদারল্যান্ডসের জালে বল জড়ান বদলি নামা অ্যান্থনি এলাঙ্গা। ম্যাচের ৮৯ মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেক ঠোকেন ক্রিসেনসিও সামারভিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *