বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

June 30, 2026 12:13 am
June 30, 2026 12:13 am

রেকর্ড তাপপ্রবাহে ইউরোপে অতিরিক্ত ১৩০০ জনের মৃত্যু : ডব্লিউএইচও

গত ২১ জুন থেকে ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে প্রত্যাশার চেয়ে অতিরিক্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রবিবার (২৮ জুন) ডব্লিউএইচও মহাপরিচালক ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুসের এক পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ড. তেদরোস লেখেন লিখেছেন, ২১ জুন থেকে ইউরোপে উচ্চ তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, তাপজনিত শারীরিক চাপকে প্রায়ই ‘নীরব ঘাতক’ বলা হয়। ইউরোপের বাড়িঘর, কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের উচ্চ তাপমাত্রা মোকাবিলার জন্য নির্মিত নয়।

এদিকে, রবিবার সকালে ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুধু বুধবার থেকে দেশটিতে প্রত্যাশিত সংখ্যার তুলনায় প্রায় ১ হাজার জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রবিবার ইউরোপে অন্তত ১৯ কোটি ১০ লাখ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার মুখোমুখি হবেন। বিশেষ করে জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও পোল্যান্ডে তাপপ্রবাহের তীব্রতা বেশি।

অস্ট্রিয়াভিত্তিক বেসরকারি সংস্থা ক্লিমাড্যাশবোর্ড-এর সংকলিত জার্মান আবহাওয়া অধিদপ্তরের (ডিডব্লিউডি) পূর্বাভাস ও ২০২৫ সালের জনসংখ্যার তথ্যের বিশ্লেষণ অনুযায়ী, তুরস্ক বাদে ইউরোপে মোট ৩৮ কোটি ১০ লাখ মানুষ ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যে থাকবেন।

তেদরোস বলেন, বর্তমানে ইউরোপজুড়ে লাখো মানুষ চরম তাপপ্রবাহের মধ্যে জীবনযাপন করছেন।

শত শত মানুষের মৃত্যু হয়েছে, স্কুল বন্ধ রয়েছে ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চাপের মুখে পড়েছে।তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে একসময় যে দাবদাহকে ‘প্রজন্মে একবার ঘটে’ বলে মনে করা হতো, তা এখন প্রায় প্রতি বছরই দেখা যাচ্ছে। ইউরোপ পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ, যেখানে উষ্ণায়নের হার বৈশ্বিক গড়ের দ্বিগুণ।

তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে ইউরোপের দেশগুলোকে ‘হিট হেলথ অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের আহ্বান জানান ডব্লিউএইচও প্রধান।

ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ডগড়া তাপমাত্রা

রবিবার জার্মানিতে নতুন রেকর্ডগড়া তাপমাত্রা পরিমাপ করা হয়েছে।

ডিডব্লিউডি জানায়, এদিন স্থানীয় সময় বিকেল ৪টার দিকে পোল্যান্ড সীমান্ত লাগোয়া পূর্ব ব্রেডেনবার্গের কোশেন স্টেশনে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।এর একদিন আগে ড্রেভিৎস এলাকায় সর্বোচ্চ ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

একই দিনে চেক রিপাবলিকেও তাপমাত্রা পৌঁছায় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। রেকর্ডগড়া এই তাপমাত্রা পরিমাপ করা হয় প্রাগের উত্তরে অবস্থিত ডোকসানিতে।

দেশটির আবহাওয়া সংস্থা চেক হাইড্রোমেটিওরোলজিকাল ইনস্টিটিউটের (সিএইচএমআই) ভাষ্যমতে, দেশটিতে এই প্রথমবারের মতো ৪১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রেকর্ড করা হলো।

এর আগের দিন শনিবার এই জায়গায় রেকর্ড করা ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল গত ১৪ বছরের মধ্যে পরিমাপ করা সর্বোচ্চ তাপমাত্রা।

পোল্যান্ডেও সর্বকালের সর্বোচ্চ ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ।

দেশটির ইনস্টিটিউট অব মেটিওরোলজি অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের (আইএমজিডব্লিউ) এক মুখপাত্র এএফপিকে এ তথ্য জানিয়েছেন। দেশটির পশ্চিমের শহর স্লুবিচে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *