বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

September 29, 2026 7:47 am
September 29, 2026 7:47 am

বগুড়ায় কার হাউজে আগুন, কোটি টাকার ক্ষতি

বগুড়া শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় ‘জারা কার হাউজ’ নামের একটি গাড়ির শোরুম ও সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২৮ জুন) বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীদের ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।জানা গেছে, মাটিডালী বিমান মোড়ের কাছে অবস্থিত ওই শো রুমটিতে নতুন গাড়ি বিক্রির পাশাপাশি গাড়ি সার্ভিসিংয়ের কাজ করা হয়। রবিবার দুপুরে একটি গাড়ি সার্ভিসিং করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো শোরুমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের শোরুমে থাকা পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি গাড়ি পুড়ে গেছে এবং তিনটি গাড়ির রং চটে গেছে।

প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধি মনোয়ার হোসেন বলেন, শোরুমটিতে থাকা ১৭-১৮টি গাড়ির মধ্যে ৬টি গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক মাস ধরে নির্মাণাধীন এই শোরুমে প্রায় দুই কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত গাড়ির মূল্য কমপক্ষে দেড় কোটি টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

প্রতিষ্ঠান স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম রাকিবের দাবি, আগুনে তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর পুলক কুমার গোস্বামী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে গাড়ি সার্ভিসিংয়ের সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেলেও সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষেই আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *