তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমা ‘জন নয়াগণ’ জটিলতা যেন কাটছেই না। মামলা সংক্রান্ত কারণে সেন্সর ছাড়পত্র না পাওয়াতে আটকে আছে সিনেমার মুক্তি। এদিকে মঙ্গলবার কিছুটা আশার আলো দেখছেন সিনেমার নির্মাতারা। কারণ মঙ্গলবার ছিল মামলার শুনানি । মাদ্রাজ হাইকোর্ট সিনেমার নির্মাতাদের ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি) এর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। এদিন সকাল সাড়ে দশটায় মাদ্রাজ হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা এই রায় দেন। এই রায়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন সিনেমার নির্মাতারা। তবে এখনও মিলেনি সেন্সর বোর্ড কর্তৃক ছাড়পত্র। তাই এখনও এর মুক্তি নিয়ে রয়েছে শঙ্কা। বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে সিনেমা সংশ্লিষ্টরা।
৯ ফেব্রুয়ারি প্রযোজকেরা ‘সিবিএফসি’-এর বিরুদ্ধে রিট পিটিশন প্রত্যাহারের জন্য আবেদন করেন। প্রত্যাহারের আবেদন করে একটি চিঠি জমা দেন। আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরিবর্তে সিনেমাটিকে সংশোধন কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমার প্রযোজনা সংস্থা ‘কেভিএন প্রোডাকশনস’-এর তরফে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত ২৭ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেন্সর বোর্ডের পক্ষে রায় দেয়। যে কারণে সিঙ্গল বেঞ্চ ‘জন নয়াগণ’-কে সেন্সর সার্টিফিকেট দেওয়ার নির্দেশ স্থগিত রাখে। ভারতীয় সেন্সর বোর্ডকে ইউ-এ-১৬ প্রশংসাপত্র দেওয়ার নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কিছুক্ষণের মধ্যেই সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ। স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে সিনেমার প্রয়োজকরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট মামলা মাদ্রাজ হাইকোর্টে ফেরায়। মাদ্রাজ হাইকোর্ট ২০ জানুয়ারি মামলার ফয়সালা করতে নির্দেশ দিয়েছিল। ওই দিন মামলার শুনানির পরে রায়দান স্থগিত রেখেছিল ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে দেয়।
তিন দশকেরও বেশি সময় ধরে তামিল সিনেমায় রাজত্ব করেছেন থালাপতি বিজয়। অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠা এই তারকা সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য সিনেমাকে বিদায় জানানোর ঘোষণা দেন। সেই বিদায়ের সিনেমা হিসেবেই ‘জন নয়াগণ’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন শুধু মুক্তির চূড়ান্ত তারিখের অপেক্ষা।











