বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

June 20, 2026 12:37 am
June 20, 2026 12:37 am

পরীমনির সাথে অবৈধ সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে সেই এডিসি

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা অনুবিভাগ) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিবির গুলশান বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালনকালে গোলাম সাকলায়েন সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণের’ অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

পরবর্তীতে গোলাম সাকলায়েন অভিযোগের জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। শুনানি ও প্রাথমিক পর্যালোচনার পর অভিযোগের গুরুত্ব বিবেচনায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা ২০২৩ সালের ১২ ডিসেম্বর দাখিল করা প্রতিবেদনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন।

এরপর ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব, তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনা করে তার বিরুদ্ধে গুরুদণ্ড আরোপের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ অনুযায়ী তাকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর’ প্রদানের সুপারিশ করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও এ বিষয়ে সম্মতি প্রদান করে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি চলতি বছরের ১৭ জুন এ সিদ্ধান্তে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(৩)(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর দায়ে মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *