বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

August 15, 2026 5:41 am
August 15, 2026 5:41 am

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা

পাবনার বেড়া উপজেলায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতা রিপন সরদার (৩৫) ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে বেড়া সিঅ্যান্ডবি এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে মারধর করা হয়।

আহত ব্যবসায়ী মিজানুর রহমান (৪০) বেড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযুক্ত রিপন সরদার সাঁথিয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বেড়া পৌরসভার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেট নির্মাণ করছেন দুই ভাই গোলাম মোস্তফা ও মিজানুর রহমান। গত ১৯ জুন শ্রমিক দল নেতা রিপন তাঁর লোকজন নিয়ে তাদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গতকাল সকালে রিপন সরদারসহ কয়েকজন মোটরসাইকেলে গিয়ে মিজানুর রহমানকে পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার করমজা বাজার বণিক সমিতির সভাপতি মহরম সরদারের অফিসে তুলে নিয়ে যায়। সেখানে মিজানুর রহমানকে বেধড়ক মারধর করা হয়। মারধরের ফলে ব্যবসায়ী মিজানুর রহমানের হাত ও পা ভেঙে গেছে বলেও দাবি তাঁর পরিবারের। পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেড়া থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

আহত ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, চাঁদা না দেওয়ায় আমাকে তুলে নিয়ে মারধর করা হয়েছে। প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের আংটি এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত রিপন সরদার বলেন, ‘ওরা এখনও আওয়ামী লীগ আমলের মতো ভাব নিয়ে চলে। আমার লোকজন দুই একটা বাড়িবুড়ি দিয়েছে, মিথ্যা বলে লাভ নাই। তবে চাঁদা ও আংটির কথা মিথ্যা।’
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার সরকার বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *