বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

November 15, 2026 6:11 am
November 15, 2026 6:11 am

এলপিজির দামে সংসারে টান ফিরছে লাকড়ির চুলা

লাকড়ির চুলার ধোঁয়ায় চোখ জ্বালা করছে, নাক দিয়েও ঝরছে পানি। চোখ-নাক মুছে আবার চুলায় ফুঁ দিচ্ছেন মুর্শিদা দিনা। বারবার ফুঁ দিতে দিতে হাঁপিয়ে উঠছেন। তবু থামার উপায় নেই। রান্না শেষ করতেই হবে। সংসারের বাড়তি খরচ সামলাতে গিয়ে এই কষ্ট এখন তাঁর নিত্যসঙ্গী।

মুর্শিদা দিনার বাড়ি খুলনা নগরীর মোল্লাপাড়ায়। তাঁর পরিবারে মাসে ১২ কেজির দেড়টি এলপিজি সিলিন্ডার লাগে। আগে এলপিজিতে রান্নার পেছনে তাঁর মাসে খরচ হতো দুই হাজার ৫০০ টাকার মতো। সর্বশেষ ২ নভেম্বর এলপিজির দাম বৃদ্ধির পর নতুন সিলিন্ডার কিনতে পারেননি তিনি। কারণ, বাড়তি দামে তাঁর মাসে ৭০০ টাকার বেশি খরচ হবে।

মুর্শিদা দিনা বলেন, দোকানদার এখন একটি সিলিন্ডারের দাম চাচ্ছেন দুই হাজার ১০০ থেকে দুই হাজার ২০০ টাকা। নিরুপায় হয়ে মাটির চুলায় কাঠ দিয়ে রান্না করছেন। এ জন্য কিনেছেন পাঁচ মণ লাকড়ি।
খুলনা বাদে কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, চট্টগ্রাম ও বরিশালেও এলপিজির বাড়তি দামে রান্নার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন মানুষ। কেউ ফিরছেন লাকড়ির চুলায়, কেউ বেছে নিচ্ছেন বৈদ্যুতিক চুলা। কোথাও কোথাও চাহিদা বাড়ায় লাকড়ির দামও বেড়ে গেছে।

মুর্শিদা দিনা বলেন, স্বামীর সীমিত আয়ে সংসার চালানো এমনিতেই কঠিন। এর মধ্যে গ্যাসের দাম বাড়ায় সিলিন্ডার কেনার সামর্থ্য হচ্ছে না। একই এলাকার সুলতানা বেগমও গত অক্টোবর থেকে কাঠের চুলায় ফিরেছেন। ছয় সদস্যের পরিবারে মাসে দেড়টি সিলিন্ডার লাগে। এখন ৭৫০ টাকায় পাঁচ মণ ভেজা কাঠ কিনেছেন তিনি। এই কাঠ দিয়ে প্রায় ২০ দিন চলবে।

চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ৯ মাসে সরকার নির্ধারিত এলপিজির দাম বেড়েছে প্রায় ৫৩ দশমিক ৬ শতাংশ। নভেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৬০০ টাকায়। চলতি মাসে উৎপাদন, সরবরাহসহ বিভিন্ন পর্যায়ে কমিশন বাড়ানোর পরও নির্ধারিত দামে সিলিন্ডার মিলছে না। বাড়তি দামের পাশাপাশি সরবরাহের অনিশ্চয়তাও ভোগাচ্ছে ক্রেতাদের।

খুলনায় সিলিন্ডার বিক্রি কমেছে
খুলনা নগরীর আটটি দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে, কোথাও দুই হাজার ১০০, কোথাও দুই হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে ১২ কেজির সিলিন্ডার। ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায়ীদের বিক্রিও কমেছে।
খুলনা জেলা এলপি গ্যাস দোকান মালিক সমিতির সভাপতি তোবারক হোসেন তপু জানান, আগে দিনে আট থেকে ১০টি সিলিন্ডার বিক্রি হলেও গত তিন দিনে বিক্রি হয়েছে মাত্র দুটি। পুঁজি আটকে থাকায় লোকসান গুনতে হচ্ছে তাদের।

কুড়িগ্রামে সিলিন্ডার পেতে অগ্রিম টাকা
কুড়িগ্রামের পুরোনো থানাপাড়ার গৃহিণী রুমা রানী জানান, আগে ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৬০০ টাকার মধ্যে পাওয়া গেলেও এখন খরচ করতে হচ্ছে আড়াই হাজার টাকা পর্যন্ত। বাড়তি খরচ সামলাতে কাঠ দিয়ে রান্না করছেন তিনি। শহরের আরেক ক্রেতা আব্দুর রাজ্জাক জানান, সিলিন্ডার পাওয়ার নিশ্চয়তা পেতে দোকানিকে অগ্রিম এক হাজার টাকা দিতে হয়েছে।

নারায়ণগঞ্জে এলপিজির সঙ্গে লাইনের গ্যাস সংকট
নারায়ণগঞ্জে এলপিজির বাড়তি দামের সঙ্গে যুক্ত হয়েছে পাইপলাইনের গ্যাস সংকট। নগরীর পাইকপাড়ার বাসিন্দা ব্যাংকার রোকন উদ্দিন জানান, পাঁচ-ছয় মাস ধরে তিতাসের লাইনে ঠিকমতো গ্যাস পাওয়া যাচ্ছে না। দিনের অধিকাংশ সময় গ্যাস থাকে না। কখনও গভীর রাতে সামান্য গ্যাস আসে। ১৫ জনের যৌথ পরিবারের রান্নার জন্য তাদের এলপিজি ও লাকড়ির ওপর নির্ভর করতে হচ্ছে। আগে ১২ কেজির সিলিন্ডার দুই হাজার টাকার মধ্যে পাওয়া গেলেও এখন দিতে হচ্ছে দুই হাজার ৫০০ টাকা। নগরীর অন্যান্য এলাকার বাসিন্দারাও একই সংকটের কথা জানিয়েছেন।

গাজীপুরে বনজ কাঠে ফিরছে পরিবারগুলো
গাজীপুরের মাওনা এলাকার পোশাক শ্রমিক লাইলি বেগমের সংসার চলে মাসে ১৩ হাজার ৩০০ টাকার বেতনে। তাঁর স্বামী শারীরিক প্রতিবন্ধী। দুই ছেলের পড়াশোনা, বাড়ি ভাড়া ও খাবারের খরচ মেটানোর পর বাড়তি দামে এলপিজি কেনা তাঁর পক্ষে কঠিন। এখন ভাড়া বাসার মাটির চুলায় রান্না করছেন। তাঁর স্বামী আশপাশের বনজঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনেন।
মাওনা, কালিয়াকৈরের ফুলবাড়িয়া, মৌচাক, চা বাগান, ভবানীপুর ও হোতাপাড়া এলাকায় অনেক পরিবার আবার লাকড়ির চুলায় ফিরছে। এসব এলাকায় গজারি বন থাকায় কাঠ তুলনামূলক সহজে পাওয়া যায়। ভবানীপুরের গৃহিণী আফরোজা বলেন, লাকড়ির রান্নায় স্বাদ বেশি, খরচও কম। তাই এখন থেকে কাঠ দিয়েই রান্না করবেন তিনি।
গাজীপুরের বিভিন্ন এলাকায় ১২ কেজির সিলিন্ডার দুই হাজার ৩৫০ থেকে দুই হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ৪৫ কেজির সিলিন্ডারেও এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।

সিলেটে খরচ বাঁচাতে লাকড়িই ভরসা
সিলেট নগরীর মেজরটিলার চ্যামেলিবাগ এলাকার বাসিন্দা সিরাজাম মুনিরা আট-দশ বছর ধরে সিলিন্ডার ব্যবহার করছেন। বছরের শুরুর কয়েক মাস ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৬০০ টাকার মধ্যে কিনেছেন। সম্প্রতি একই সিলিন্ডার কিনতে হয়েছে দুই হাজার ৩০০ টাকায়। বাড়তি খরচ সামলাতে এখন লাকড়িই তাঁর ভরসা।
সিলেটে সরবরাহব্যবস্থার বিভিন্ন পর্যায়ে বাড়তি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। খাদিমপাড়ার বাসিন্দা শাহিন আহমদ জানান, ডিলারের দামের চেয়ে পরিবেশক পর্যায়ে ১০০ থেকে ১৫০ টাকা বেশি নেওয়া হয়। খুচরা পর্যায়ে দাম আরও বেড়ে যায়।

চট্টগ্রামে বহুতল ভবনে বিকল্প সীমিত
চট্টগ্রামের বহুতল ভবনের বাসিন্দারাও এলপিজির দাম ও সরবরাহ সংকটে বিপাকে পড়েছেন। নগরীর একটি ৫০ ইউনিটের ভবনে ৪৯টি সিলিন্ডার ব্যবহার করা হয়।
ভবনের নিরাপত্তাকর্মী রবিউল হোসেন জানান, সরকার নির্ধারিত দামে সিলিন্ডার পাওয়া যায় না। গ্যাস শেষ হলে নতুন সিলিন্ডারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কাঠের চুলায় রান্নার সুযোগ না থাকায় তাদের বিকল্পও সীমিত।

চট্টগ্রাম নগরের শ্যামলী আবাসিক এলাকায় অন্যের জমিতে বাঁশ ও ত্রিপলের ঘরে তিন যুগের বেশি সময় ধরে বসবাস করছেন নুর ইসলাম ও তাঁর স্ত্রী সমলা বেগম। শাকসবজি চাষ করে চলে সংসার।
৮০ বছর বয়সী সমলা বেগম বলেন, নিত্যপণ্যের দাম সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে দুই হাজার ৩০০ টাকায়। বাড়তি খরচ কমাতে সিলিন্ডার কেনা বন্ধ করে মাটির চুলা বানিয়েছেন তিনি। আশপাশ থেকে কাঠ কুড়িয়ে এনে রান্না করছেন।

বরিশালে লাকড়ির দাম বেশি, বৈদ্যুতিক চুলায় ঝোঁক
বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশীপুর বাজারে দীর্ঘদিন ধরে লাকড়ির ব্যবসা করেন আব্দুর রাজ্জাক। তাঁর দোকানে গিয়ে দেখা যায়, শুধু রেইনট্রি গাছের লাকড়ি রয়েছে। আগে চাম্বলসহ বিভিন্ন ধরনের কাঠ বিক্রি করতেন তিনি। রাজ্জাক জানান, গত ১৫ দিনে সব ধরনের লাকড়ির দাম মণপ্রতি অন্তত ৫০ টাকা বেড়েছে। ইটভাটায় ইট পোড়ানোর মৌসুম শুরু হওয়ায় কাঠের চাহিদা বেড়েছে। বর্তমানে রেইনট্রি বিক্রি হচ্ছে মণপ্রতি ২৫০ টাকায়, যা আগে ছিল ২০০ টাকা। চাম্বল বিক্রি হচ্ছে মণপ্রতি ৩৫০ টাকায়।

লাকড়ির দাম বাড়লেও বরিশালে বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলার চাহিদা বেড়েছে। কাশীপুর বাজারের ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ী তুহিন জানান, গত কয়েক মাসে বৈদ্যুতিক চুলার বিক্রি তিন গুণ হয়েছে। তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের চুলা পাওয়া যাচ্ছে। শিগগিরই এসব পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা তাঁর। নগরীর প্যারারা সড়কের হোটেল ব্যবসায়ী নুরু মৃধা জানান, গ্যাস ও লাকড়ির দাম বাড়ায় খাবারের দামও বাড়াতে হয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, এলপিজির প্রসারের ফলে কাঠের ব্যবহার কমেছিল। এতে পরিবেশও রক্ষা পেয়েছিল। মানুষ আবার কাঠের চুলায় ফিরলে পরিবেশ ও প্রকৃতির ওপর চাপ বাড়বে।
[তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট এলাকার ব্যুরো ও প্রতিনিধিরা]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *