বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

November 26, 2026 10:29 pm
November 26, 2026 10:29 pm

ঢাকায় আনা হচ্ছে সোহেলের মরদেহ, দাফন হবে ধামরাইয়ে

পর্দায় হাস্যরসাত্মক অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা সোহেল খান। তার অভিনয়ের অভিব্যক্তি, সংলাপ ও সাবলীল উপস্থিতি দর্শকদের আনন্দ দিয়েছে বছরের পর বছর। ব্যক্তিজীবনেও ছিলেন হাসিখুশি ও প্রাণবন্ত। তবে এবার সেই মানুষটিই ফিরছেন নিথর দেহে। বগুড়া থেকে তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে।

ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়িতে বাদ মাগরিব নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে বলেন জানান অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অভিনয়ে অংশ নিতে কয়েক দিন আগে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে মো. ইকবালের পরিচালনায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। সহকর্মীদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটাচ্ছিলেন অভিনেতা। তবে মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নিতে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সিনেমাটির পরিচালক মো. ইকবাল সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেতার মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কী!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।

দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন সোহেল খান। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *