বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

June 19, 2026 12:07 am
June 19, 2026 12:07 am

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।

গতকাল বুধবার এই শিশুরা অসুস্থ হয়ে পড়ে।

তাদের মধ্যে ১০ জনকে রাতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আজ সকালে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হোদা ও জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান।

সদর উপজেলার শালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শিক্ষার্থীদের ডিম ও পাউরুটি দেওয়া হয়েছিল। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা অসুস্থ বোধ করতে শুরু করে।

প্রধান শিক্ষক দুরুল হোদা দ্য ডেইলি স্টারকে বলেন, ২২১ জন শিক্ষার্থীকে খাবার দেওয়া হয়েছিল। তাদের অধিকাংশই ততক্ষণে খাবার খেয়ে ফেলেছিল।

তিনি বলেন, প্রায় ১৮ শিক্ষার্থী তাদের স্বাস্থ্য সমস্যার কথা জানালে তৎক্ষণাৎ আমরা বাকি শিক্ষার্থীদের ওই খাবার না খাওয়ার নির্দেশ দিই। শিক্ষকেরা খাবার পরীক্ষা করে দেখেন। কিছু খাবারে বাসি গন্ধ পাওয়া যাচ্ছিল।

চিকিৎসক মাহবুব হাসান জানান, বুধবার রাতে একই ধরনের উপসর্গ নিয়ে ১০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি বলেন, তারা সবাই প্রায় একই ধরনের উপসর্গের কথা বলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, নিম্নমানের খাবার খাওয়ার কারণে অথবা প্রচণ্ড গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

হাসপাতালে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে আজ সকালে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম’ (গাক) এই খাবার সরবরাহ করেছিল। তিনি জানান, খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে।

এই কর্মকর্তা আরও উল্লেখ করেন, অতীতেও জেলার বিভিন্ন উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় দেওয়া খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার মতো ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *