বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

November 25, 2026 9:02 pm
November 25, 2026 9:02 pm

গ্রীষ্মে ভিটামিন ডি কম থাকলেই কেন বাড়ে স্বাস্থ্যঝুঁকি?

শীতকালে নয়, বরং গ্রীষ্মকালেই শরীরে ভিটামিন ডির ঘাটতি বেশি বিপদের সংকেত দিতে পারে! এমনকি এই ঘাটতির সঙ্গে জড়িয়ে থাকতে পারে হাড় ভাঙা ও অকালমৃত্যুর ঝুঁকি। সুইডেনের নতুন এক গবেষণায় উঠে এসেছে এমনই চমকপ্রদ তথ্য। গবেষকদের মতে, শরীরে ভিটামিন ডির প্রকৃত ঘাটতি শনাক্ত করতে শীতের বদলে গ্রীষ্মকালই হতে পারে সবচেয়ে উপযুক্ত সময়।

গবেষণায় দেখা গেছে, শীতকালের তুলনায় গ্রীষ্মকালে রক্তে ভিটামিন ডির মাত্রা কম থাকা স্বাস্থ্যের জন্য বেশি উদ্বেগের কারণ হতে পারে। বিশেষ করে এ অবস্থায় হাড় ভাঙা এবং মৃত্যুর ঝুঁকি বেশি দেখা গেছে।

সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১২ হাজারের বেশি বয়স্ক মানুষের রক্তে ভিটামিন ডির মাত্রা বিশ্লেষণ করেন। তাদের দুই ভাগে ভাগ করা হয়। একদলের রক্তের নমুনা সংগ্রহ করা হয় জুলাই থেকে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ গ্রীষ্মকালে। অন্য দলের নমুনা নেওয়া হয় জানুয়ারি থেকে মার্চ মাসে, শীতকালে।

গবেষণায় দেখা যায়, গ্রীষ্মকালে যাদের রক্তে ভিটামিন ডির মাত্রা কম ছিল, পরবর্তী ১১ বছরে তাদের হাড় ভাঙা এবং মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি ছিল। বিপরীতে, শীতকালে যাদের ভিটামিন ডি কম ছিল, তাদের ক্ষেত্রে একই ধরনের বাড়তি ঝুঁকি পাওয়া যায়নি।

কেন গ্রীষ্মকাল গুরুত্বপূর্ণ?

ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম ও ফসফেট নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে হাড়, দাঁত ও পেশির সুস্থতা বজায় থাকে। সূর্যের আলো শরীরে ভিটামিন ডি তৈরির প্রধান উৎস। এছাড়া তৈলাক্ত মাছ, ডিম ও কিছু মাশরুম থেকেও এটি পাওয়া যায়।

গবেষকদের ব্যাখ্যা, গ্রীষ্মকালে শরীরে ভিটামিন ডি জমা হয়, যা শীতকালে সূর্যালোক কম থাকায় ধীরে ধীরে কমতে পারে। ফলে শীতকালে ভিটামিন ডির মাত্রা কম পাওয়া গেলেও তা দীর্ঘমেয়াদি ঘাটতির ইঙ্গিত নাও হতে পারে। কিন্তু গ্রীষ্মকালেও মাত্রা কম থাকলে তা স্থায়ী ঘাটতির লক্ষণ হতে পারে।

গবেষকদের মতে, ভিটামিন ডি পরীক্ষা করার সময়টিও গুরুত্বপূর্ণ। গ্রীষ্মকালে পরীক্ষা করলে যাদের দীর্ঘস্থায়ী ঘাটতি রয়েছে, তাদের শনাক্ত করা সহজ হতে পারে। এতে প্রয়োজন অনুযায়ী সম্পূরক গ্রহণের বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নিতে পারবেন।

তবে গবেষণাটি পর্যবেক্ষণভিত্তিক হওয়ায় ভিটামিন ডি-এর ঘাটতিই সরাসরি হাড় ভাঙা বা মৃত্যুর কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। গবেষণায় মূলত শ্বেতাঙ্গ সুইডিশ জনগোষ্ঠী অংশ নেওয়ায় অন্যান্য জনগোষ্ঠীর ক্ষেত্রে ফলাফল একই হবে কি না, তা নিশ্চিত নয়।

গবেষকরা বলছেন, ভিটামিন ডি সাপ্লিমেন্টের প্রকৃত উপকারিতা বুঝতে আরও নিয়ন্ত্রিত গবেষণা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *